জমকালো আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় প্রশাসন ভবনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো—ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের পর সকল হলের প্রভোস্ট নিজ নিজ হলে জাতীয় পতাকা উত্তোলন করেন।
IMG0
পরে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর রাশিদ আসকারী নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.আনোয়ারুল হক, প্রক্টর প্রফেসর ড.মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনসভায় মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের অতীতের সকল ভুলভ্রান্তি দূরে ঠেলে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যাশা ব্যক্ত করে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী।
ইত্তেফাক/এএসএস
