নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল। বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হামিদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
অজিত দোভাল তাঁর বক্তব্যে, উপমহাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর বিশাল নেতৃত্বের জন্য শ্রদ্ধা জানান। তিনি স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশ প্রেম, উচ্চমান এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার অঙ্গীকারের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, একটি দেশের স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়েই এই বাহিনীর জন্ম হয়েছিলো।
সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের ইতিহাসের এক মহান দিন। বাংলাদেশের সফল স্বাধীনতা যুদ্ধে সহায়তার দেওয়ার জন্য তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী থেকে ভাইস চিফ অব আর্মি স্টাফ লে. জেনারেল বিপিন রাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভিন্ন দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, কুটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গঠন ও যুদ্ধের সময় তাদের বীরত্বগাথা লড়াইয়ের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি দেখানো হয়। গতকাল ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
