দীর্ঘ আলোচনা শেষে আবারো ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করতে যাচ্ছে কলম্বিয়ার সরকার। সম্প্রতি দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, চুক্তির যাবতীয় বিষয়গুলো আলোচনা করা হয়েছে এখন তা কংগ্রেসে (আইন পরিষদে) অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠীটি সরকারের সঙ্গে আলোচনা শেষে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বিশ্বনেতাদের উপস্থিতিতে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি করা হয়। কিন্তু গণভোটে তা বাতিল হয়ে যায়। দেশটির বিরোধী দল ও সাবেক এক প্রেসিডেন্ট জানায়, ঐ চুক্তিটিতে ঢালাওভাবে বিদ্রোহীদের সকল শর্ত মেনে নেয়া হয়েছিল। পরবর্তীতে দেশটির সাবেক প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে নতুন করে আলোচনা হয়। কিন্তু চলমান চুক্তিটিতে বিদ্রোহী ফার্কদের কোন বিচারের বিষয় না থাকায় তার সমালোচনা করেছে দেশটির বিরোধী দল।
উল্লেখ্য, দীর্ঘ ৫০ বছর যাবত কলম্বিয়া সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফার্ক বিদ্রোহীরা। এই দীর্ঘ সময়ে উভয় পক্ষের কমপক্ষে ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছেন।
টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তুস বলেন, গত অর্ধশত বছর ধরে কলম্বিয়ার কয়েক লাখ মানুষকে ভোগানো এক দুঃখজনক অধ্যায়ের পরিসমাপ্তি টানার সুযোগ পেয়েছি আমরা। বিবিসি।
ইত্তেফাক/আরএ
