প্রথম বারের মত গ্রীসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হল বিজয় দিবস দাবা প্রতিযোগিতা ২০১৬। মহান বিজয় দিবস পালনের কর্মসূচীর অংশ হিসেবে গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই প্রতিযোগিতার আয়োজন করে।
এই উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন ৩ ডিসেম্বর বিকাল ৩ টায় দূতাবাস প্রাঙ্গণে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। উদ্বোধন কালে রাষ্ট্রদূত বলেন, গ্রীসের প্রবাসী বাংলাদেশীরা ক্রীড়া, সংস্কৃতি, কৃষ্টি সবক্ষেত্রে গ্রীসের মাটিতে বাংলাদেশকে তুলে ধরছেন।
IMG0
বিজয় দিবসের প্রাক্কালে তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে নিহত ও অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, উপস্থিত নেতৃবৃন্দ এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মোট ২০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় মো. আজিজুর রহমান চ্যাম্পিয়ন, অজিত রায় জন রানার্স আপ এবং শাহীন তালুকদার তৃতীয় স্থান অর্জন করেন।
IMG1
এই আয়োজনে গ্রীসে বসবাসকারী বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। মহান বিজয় দিবসের দিন বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিজয় দিবস দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
ছুটির দিনে এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অত্যন্ত উৎসব ও আনন্দ মুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/আরএ
