৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

শরণখোলায় মহাসড়ক ক্ষতিগ্রস্ত, ২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:০৯
 
বাগেরহাটের শরণখোলায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ড্রেজার মালিকসহ দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। জেলা সড়ক ও জনপদ উপ-বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী এইচএম সোয়েব হোসেন বাদী হয়ে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মঙ্গলবার দুপুরে শরণখোলা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
 
মামলার আসামিরা হলেন ড্রেজার মালিক মংলা উপজেলার বাসিন্দা মো. ফারুক হাওলাদার (৪৫) ও শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের জলিল জমাদ্দারের ছেলে মো. মিজান জমাদ্দার (৩৫)।
 
এদিকে, সময় যতো গড়াচ্ছে মহাসড়কের ফাটলও তীব্র আকার ধারণ করছে। আত্মঘাতী ড্রেজার দিয়ে একই জায়গা থেকে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে তলদেশ ফাঁকা হয়ে যাওয়ায় ধীরে ধীরে দেবে যেতে শুরু করেছে সড়কটি। প্রথম দিনের তুলনায় আরো চার থেকে পাঁচ ইঞ্চি দেবে গেছে। ক্ষতিগ্রস্ত সড়ক থকে যাত্রীবাহী বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অপরদিকে, সড়ক বিপর্যয়ের কারণে ভারী যান চলাচল বন্ধ থাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বেড়িবাঁধের কাজও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে, চরম বিপাকে পড়েছে বাধ বাস্তবায়নকারী চায়নার ‘এইচসিডাব্লিউই’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
 
নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত সড়ক এলাকার কয়েক ব্যক্তি অভিযোগ করে বলেন, সড়কের ক্ষতির ঘটনায় দু’জনের বিরুদ্ধে মামলা হলেও বালু উত্তোলনকারী মূল হোতাদের বাদ দেওয়া হয়েছে। তারা ওই দুজনের পাশাপাশি প্রকৃত দোষীদেরও মামলার আওতায় আনার দাবি জানিয়েছেন।
 
স্থানীয় ইউপি সদস্য কাজল আক্তার বলেন, কতিপয় প্রভাবশালী ব্যক্তি কারণে আজ সড়কের এই অবস্থা। এতে জনদুর্ভোগ স্থায়ী আকার ধারণ করছে। তিনি, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিসহ সড়কটি দ্রুত সংস্কারের দাবি  জানিয়েছেন।
 
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় এখনও এই আত্মঘাতী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে এলাকায় মারাত্মক বি৬পর্য দেখা দেবে। এধরণের আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তিনি।
 
মামলার বাদী এইচএম সোহেব হোসেন  বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে সড়কটির ওই স্থানের  প্রায় ৬০ ভাগ ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মামলাটি দায়ের করা হয়েছে।
 
শরণখোলা থানার  ওসি মো. আব্দুল জলিল জানান, মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সড়ক বিভাগের পক্ষ থেকে দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ড্রেজারটি জব্দ করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
 
ইত্তেফাক/আরএ