চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের ছয় নেতাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায় এনে ছাত্র লীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ছাত্র লীগের সহসভাপতি কাজী এনায়েত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- চবি শাখা ছাত্র লীগের সহসভাপতি মো. রকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক মো. আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সাঈদ ও আরিফুল হক অপু। আজ রবিবার বিকালে কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত সবাই চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির ও চবি ছাত্র লীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী।
এ ব্যাপারে কাজী এনায়েত ইত্তেফাককে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যাচাই বাছাইয়ের পর ওই ছয় নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতি ও শুক্রবার চবি ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুগ্রুপের সংঘর্ষে ২১ নেতা কর্মী আহত হয়। আর এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সভাপতি কাজী এনায়েতকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের তদন্ত রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগ এ বহিষ্কারের আদেশ দেয়।
ইত্তেফাক/এমআই
