'ই-কমার্স খাতটি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত'

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৭
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, 'আমি মনে করি, ই-কমার্স খাতটি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। কারণ সব ক্ষেত্রেই আমাদের সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।' 
 
শনিবার রাজধানীর এক হোটেলে রবি-এয়ারটেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
রবি-এয়ারটেল একীভূতকরণ প্রক্রিয়ায় পেশা দারিত্বের পরিচয় দেয়ার জন্য টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি পিটিডি ও বিটিআরসি’র কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একীভূতকরণের পুরো প্রক্রিয়া জুড়ে সহযোগিতার জন্য রবি ও এয়ারটেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তিনি। 
 
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় এই একীভূতকরণ একটি মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা মোবাইল টেলিযোগাযোগ শিল্পের অবদানকে স্বীকৃতি জানাই। সামনে এগিয়ে যাওয়ার জন্য অপারেটরদের সেবার মান নিশ্চিত করতে নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেবা প্রদান করতে হবে। আমরা নিশ্চিত, এই একীভূতকরণের ফলে একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে যাতে গ্রাহকরা লাভবান হবেন। আমার বিশ্বাস, একীভূত কোম্পানি হিসেবে রবি দেশের টেলিযোগাযোগ বাজারকে আরো সমৃদ্ধ করতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবে।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এছাড়া পিটিডি’র অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী সদস্য নভাস চন্দ্র মণ্ডল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও মো. রেজাউল হাসানসহ পিটিডি ও বিটিআরসি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
 
ইত্তেফাক/কেকে