রাঙ্গামাটিতে গোলাগুলিতে জেএসএসের দুই সমর্থক নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৬:০৮
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই বিবদমান আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা সংস্কার গ্রুপের) দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, নয়ন চাকমা (২৬) ও যুদ্ধ চন্দ্র চাকমা (২৩)।
 
বুধবার তিনটায় উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়া এলাকায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা সংস্কার গ্রুপের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
 
এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা সংস্কার গ্রুপের) উপজেলা সভাপতি সুরেশ চাকমা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা নয়ন মনি চাকমা ও যুদ্ধ চন্দ্র চাকমাকে হাঙ্গালছড়া নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পর ভূয়াছড়ি এলাকায় দুইজনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন তিনি।
 
অপরদিকে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সমন্বয়কারী জুয়েল চাকমা এ অভিযোগ অস্বীকার করেন।
 
জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। সেনাবাহিনী ও পুলিশের ফোর্স ঘটনাস্থলে গেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ