‘নতুন প্রজন্মকে স্বাধীনতার স্বপক্ষে গড়তে ভূমিকা রাখতে হবে’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৬:০৬
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে গড়ে তুলতে মুক্তিযোদ্ধাদেরকে ভূমিকা রাখতে হবে। 
 
আজ শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। 
 
জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুরের জেলা কমান্ডার এম. এ সাত্তার খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়ালপ্রমুখ বক্তব্য রাখেন।
 
বিএম মোজাম্মেল বলেন, যাদের জন্ম স্বাধীনতার পরে তাদের মুক্তিযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে তেমন কোন ধারণা নেই। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে বীর মুক্তিযোদ্ধাদেরই বেশী দায়িত্ব নিতে হবে।
 
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এদেশের নিরস্ত্র মানুষের ওপর পাক হায়েনাদের নির্মম ও নিষ্ঠুর বর্বরতা বর্তমান প্রজন্ম দেখেনি। ১৯৭৫ সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর পাকিস্তানিদের ছায়া শক্তি এ দেশ থেকে মুক্তি যুদ্ধের চেতনাকে মুছে ফেলার নানা ষড়যন্ত্র করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে যুদ্ধাপরাধীসহ বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের মধ্যদিয়ে আবার মুক্তিযুদ্ধের চেতনাকে দেশের মানুষের মনে জাগিয়ে তুলেছেন। 
 
অনুষ্ঠানে জেলার এক’শ ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বীরাঙ্গনা সুমিত্রা মালো, যোগমায়া মালো ও যুগবালা পোদ্দারসহ ৪০ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে নগদ পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। -বাসস।
 
 
ইত্তেফাক/এমআই