বার্ড ফ্লু: ২ লক্ষাধিক হাঁস-মুরগী নিধন করছে জাপান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৫
জাপানের হোক্কাইডোতে মারাত্মক ছোঁয়াচে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ২ লক্ষ ১০ হাজার হাঁস-মুরগী মেরে ফেলা হচ্ছে। চলতি শীত মৌসুমে বার্ড ফ্লু নিয়ন্ত্রণে পঞ্চমবারের মতো ব্যাপকহারে হাস-মুরগী নিধনযজ্ঞ চলছে জাপানে।
 
মাত্র কয়েক সপ্তাহ আগে নিগাতা শহরে ৫ লক্ষ ৫০ হাজার মুরগী নিধন করা হয়েছিল, আওমোরিতে হত্যা করা হয়েছিল ২৩ হাজার হাঁস। কর্তৃপক্ষ আশেপাশের এলাকা থেকে পোল্ট্রি পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে, সংশ্লিষ্ট রাস্তাঘাটও জীবাণুমুক্ত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
তবে এবার হাঁস-মুরগী হত্যায় বেশি সময় লাগছে। হোক্কাইডো দ্বীপের শিমজু শহরের একটি খামারে শনিবার পর্যন্ত মাত্র ৩২ হাজার মুরগী নিধন করা গেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, আমরা আমাদের কাজ অব্যাহত রাখার চেষ্টা করছি, কিন্তু রাতের তাপমাত্রা -২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
 
ইত্তেফাক/এসএসএ