পলাতক শীর্ষ জঙ্গি নেতা নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌসকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, কাশিমপুর কারাগারে বন্দি জঙ্গী আফরিন ওরফে প্রিয়তীকে অসুস্থ অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অন্তঃসত্ত্বা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের ২০৯/৫ নম্বর পিলখানা রোডের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে তানভীর কাদরী ওরফে জামসেদ হোসেন ওরফে শমসের উদ্দিন ওরফে আব্দুল করিম (৪০) নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় আটক করা হয় প্রিয়তীসহ তিন নারী জঙ্গি ও নিহত করিমের ১৪ বছর বয়সী এক ছেলেকে।
