বগুড়ার ধুনট উপজেলা সদর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে আধা বেলা প্রতীকী ধর্মঘট কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। প্রসঙ্গত, বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমানের বিরুদ্ধে জাতীয় একটি দৈনিকে মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এ ধর্মঘট কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধর্মঘট কর্মসূচি পলিত হয়। ধর্মঘট চলাকালে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
এরপর সকাল সাড়ে ১১টার দিকে বাজারের মুক্তাঙ্গন মঞ্চে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
এতে সংগঠনটির সাধারণ সম্পাদক ও ধুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাল মিয়া, সহসভাপতি শুধাংশ সাহা, সদস্য সাহেব আলী, ব্যবসায়ী নেতা আব্দুস ছাত্তার, রাজু আহম্মেদ ও ঠিকাদার মোহাম্মাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএমইউ
