ধর্ষণে ব্যর্থ হয়ে জখম: ছাত্রীর পাশে উপজেলা প্রশাসন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৭
জয়পুরহাটের কালাইয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ছুরি দিয়ে জখমের ঘটনায় তার চিকিৎসার ব্যয় বহন করতে পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
 
এ দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচারের ২৫ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন তার মা। তাছাড়া ওই ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
জানা গেছে, উপজেলার বানদীঘি গ্রামের সেই ছাত্রীকে গত শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ীতে ঢুকে ধর্ষণচেষ্টা ব্যর্থ হয়ে ছুরি দিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় গত সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই স্কুল ছাত্রীর শরীরে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। এ দিকে গত মঙ্গলবার সকালে ওই স্কুল ছাত্রীর চিকিৎসার খোঁজ-খবর নিতে গ্রামের বাড়ী বানদীঘিতে ছুটে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহসান হাবীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। সেখানে গিয়ে তারা কথা বলেন তার বাবার সাথে। ওই স্কুল ছাত্রীর চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দুই কর্মকর্তা নগদ ২০ হাজার টাকা তুলে দেন তার বাবার হাতে।
 
উপজেলা নির্বাহী অফিসার আফাজ উদ্দিন বলেন, 'এ ঘটনা অবশ্যই ন্যাক্কারজনক। তবে এই মহুর্তে ওই ছাত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে আমাদের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। তাই আমি ব্যক্তিগত ভাবে সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করছি।'
 
ইত্তেফাক/এসএস