৫১তম জন্মদিনে 'বিইং ইন টাচ' নামে অ্যাপ চালু করলেন সালমান খান। এখানে 'সুলতান'-এর দৈনন্দিন জীবনের সব খবরাখবর পাওয়া যাবে।
নিজের ৫১তম জন্মদিনে ওই অ্যাপটি ভক্তদের জন্য উপহার হিসেবে এনেছেন 'দাবাং' তারকা।
ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্টপোস্টের প্রযুক্তি বিষয়ক অংশ 'টেক ২'-এর খবরে প্রকাশ, বিশেষ এই অ্যাপের সাহায্যে ভক্তরা সালমানের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, নানা সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে তার সম্পর্কে সব খবরাখবর পাবেন তারা। তাছাড়া অ্যাপটিতে থাকছে বিভিন্ন ভিডিও, যেগুলোর মাধ্যমে সালমান ভক্তকুলের সঙ্গে কথাবার্তা বলবেন।
টুইটারের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করতে ভক্তদের অনুরোধ করেছেন সালমান।
ওই অ্যাপটিতে সালমানের ছবি, তার পরিবার ও বন্ধুবান্ধবদের ছবি, সালমানের শখ, তার আঁকা ছবি, পোষ্য, তার পছন্দ-অপছন্দ এবং তার ফিটনেস রুটিনের মতো নানান খবরাখবর থাকবে।
বর্তমানে গুগলের প্লেস্টোরে মিলছে এই অ্যাপ, শিগগিরই তা অ্যাপলের অ্যাপস্টোরেও পাওয়া যাবে।
ইত্তেফাক/এএম
