ভারতের উত্তরাঞ্চলে বুধবার ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত দুইজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। মাত্র কয়েকদিন আগে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল তার কাছেই নতুন দুর্ঘটনাটি ঘটে। আগের দুর্ঘটনায় ১৪৬ জন নিহত হয়েছিল।
ভারতের উত্তর প্রদেশের কানপুরে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেন, কয়েকটি বগি একটি অপরটির পেছনে ঢুকে যায় এবং লাইনচ্যুত হয়। কানপুর পুলিশের মহাপরিদর্শক জাকি আহমেদ বলেন, ‘আমরা অন্তত দুইজনের প্রাণহানি ও অন্তত ২৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারি।’ তিনি আরো বলেন, ‘স্থানীয় সময় ভোট সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।’
ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ভারতে প্রায়ই বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটে। ২০১২ সালের একটি সরকারি প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর দেশটিতে প্রায় ১৫ হাজার লোক রেল দুর্ঘটনায় প্রাণ হারায়। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
