জাতিসংঘের দায়িত্ব নিতে যাওয়া নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে গঠনমূলক সংলাপ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি।
গুতেরেস বলেন, তিনি গত মাসের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।একইভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তিনি আশাবাদী।
বুধবার পর্তুগালের টেলিভিশন চ্যানেল এসআইসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, পুতিনের সঙ্গে আমি চমৎকার আলোচনা করেছি। আমি আশা করছি ডোনাল্ড টাম্পের সঙ্গেও আমার আলোচনা চমৎকার হবে। যত দ্রুত সম্ভব ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।
এক্ষেত্রে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের একমাত্র প্রধান দাতা না হলেও জাতিসংঘের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।
পর্তুগালের এই সাবেক প্রধানমন্ত্রী আগামী ১ জানুয়ারি জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি-মুনের কাছ থেকে সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছেন।
ইত্তেফাক/এএসএস
