দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে ছয় বছরের শিশু অনিক। পাশেই তার চার বছরের ছোটবোন অথৈ। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছে এই দুই শিশু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার সন্ধ্যার পর এই দৃশ্য চোখে পড়ে।
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সাজের ছোঁয়া লেগেছে বিশ্ববিদ্যালয় এলাকার প্রধান সড়কের পাশের প্রতিটি দেয়ালে। নেয়া হয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ। সেই উদ্যোগের নাম ‘চিত্রপটে বাংলাদেশ ছাত্রলীগ’।
IMG0
দেয়াল চিত্রে উঠে এসেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি। এছাড়া বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ফুটে উঠেছে ছবিতে। আছে কোমলমতি শিশুদের বই উৎসবের চিত্র। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী বাংলাদেশ ছাত্রলীগ। এসব নানা স্লোগান আর চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।
IMG1
১৯৪৮ সালের ৪ জানুয়ারি কার্জন হলে বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। চিত্রে সেই কথাও উঠে এসেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা অধিকার আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। দেয়াল চিত্রে এসব বিষয়ও উঠে এসেছে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, এটি অবশ্যই একটি সৃজনশীল কাজ। ছাত্রলীগ মেধাবীদের সংগঠন। এই সৃজনশীল কাজের মধ্যদিয়ে আবারও সেটা প্রমাণিত হয়েছে। যারা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে দেয়াল চিত্রের কাজ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
IMG2
অন্যরকম এই উদ্যোগটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান লিমন। তিনি বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে প্রথমবারের মতো দেয়াল চিত্রে ছাত্রলীগের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নতুন প্রজন্ম দেয়াল চিত্রের মাধ্যমে ছাত্রলীগের ইতিহাস জানতে পারবে। বিশেষ করে শিশুদের মনে এ বিষয়টি দাঁগ কেটে থাকবে।
দেয়াল চিত্রের কাজ শুরু হয় গত ২২ ডিসেম্বর। শেষ হয়েছে ৩১ ডিসেম্বর গভীর রাতে। রাত-দিন টানা কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমরান হোসেন, দীপ, আশিক, মিজান, পল্লবসহ ৩০-৪০ জন শিক্ষার্থী।
ইত্তেফাক/ইউবি
