ব্লাসফেমি আইনের সমালোচনা, এবার নিহত গভর্নরের ছেলেকে হত্যার হুমকি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৮:১০
পাকিস্তানের ধর্ম অবমাননা (ব্লাসফেমি) আইনের সমালোচনাকারী নিহত গভর্নর সালমান তাসিরের ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি ঐ একই আইনে তার বিচারের দাবি জানিয়েছে কট্টরপন্থীরা।
 
সালমান তাসিরের ছেলে শান তাসির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দেশটিতে কঠোর ধর্মাবমাননা আইনের অধীনে আটক ব্যক্তিদের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছিলেন। এই বিষয়টিকে কট্টর ধর্মীয় গোষ্ঠীগুলো ‘উস্কানিমূলক’ বলে দাবি করছে। 
 
পাকিস্তানে এই আইনের অধীনে আটক বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শান তাসিরের বাবা সালমান পাঞ্জাবের গভর্নর থাকাকালীন এই আইনের সংস্কার চাওয়ার পর ২০১১ সালে দেহরক্ষীর গুলিতে নিহত হন।
 
শান তাসির বড়দিন উপলক্ষে বার্তা দেন। এতে তিনি বলেন, ‘যারা পাকিস্তানে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হচ্ছেন তাদের জন্য বিশেষ দোয়া করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলাম।’ তিনি বলেন, পাকিস্তানের নাগরিকেরা ধর্মাবমাননা আইনের “অন্যায্যতা” নিয়ে মুখ খুলতে সক্ষম কিনা, ‘অত্যন্ত মৌলিক এই প্রশ্ন’ তোলার এখনই সময়। তিনি আরো বলেন, ‘রাষ্ট্রের আইনেই সুস্পষ্টভাবে আছে, শুধুমাত্র ধর্মাবমাননা আইন নয়, প্রতিটি আইন নিয়েই কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।’ 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানানোর পর থেকে তিনি প্রাণনাশের হুমকিও পাচ্ছেন বলেও জানিয়েছেন। লাহোরের পুলিশ জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ভিডিও ‘অপরাধ’ হিসেবে গণ্য হতে পারে সম্ভাবনা থাকায় অভিযোগ হিসেবে গ্রহণ করেছে এবং এর সত্যাসত্য নির্ধারণে তদন্ত চালাচ্ছে। রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ