ভারতে যৌন নিপীড়কদের থেকে কিশোরীদের রক্ষা করলেন অলিম্পিয়ান

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৮:৪৮
ভারতের নতুন বছরের শুরুতে ব্যাঙ্গালোরে গণহারে নারীদের যৌন নিপীড়নের ঘটনার মধ্যে একটি অনুপ্রেরণামূলক খবর হয়েছেন অলিম্পিকে খেলা অ্যাথলেট কৃষ্ণা পুণিয়া। ব্যাঙ্গালোরের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, নতুন বছরের শুরুতে দুই কিশোরীকে তিনি যৌন নিপীড়কদের হাত থেকে রক্ষা করেছেন।
 
অলিম্পিকে ডিস্ক থ্রোয়িংয়ে ভারতের হয়ে অংশ নেয়া এই অলিম্পিয়ান বলেন, জানুয়ারির ১ তারিখ তিনি রাজস্থানে ছিলেন। সেখানে চারু জেলায় এক রেলওয়ে ক্রসিংয়ে দেখেন তিনজন পুরুষ দুটি কিশোরীকে নিপীড়ন করছে। পুর্ণিয়া বলেন, আমি তখনই তাদের ধাওয়া করি এবং একজনকে ধরতে সক্ষম হই। তারপরে ওই মেয়েদেরকে অভিযোগ দায়ের করতে সহায়তা করি।
 
ব্যস্ত রেল ক্রসিংয়ে নারীদের যৌন নিপীড়নের চেষ্টাকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, ব্যস্ত একটি রেলক্রসিংয়ে এত মানুষের মধ্যে দুই কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা দেখে আমি ভীত ও স্তম্ভিত। আমি গাড়ি থেকে বের হয়ে ধাওয়া করার আগ পর্যন্ত কেউ কিছুই করেনি। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ