লক্ষ্য পূরণ না হওয়ায় কুকের বেতন কমালো অ্যাপল

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ০৯:৪৬
লক্ষ্য পূরণে ব্যর্থ হলে কর্মকর্তাদের বেতন ছেঁটে ফেলে ছোটখাটো কোম্পানিগুলো। অ্যাপল কোনো ছোটখাটো কোম্পানি নয়, তাও বার্ষিক বিক্রি লক্ষ্য পূরণ না করায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও টিম কুকের ২০১৬ সালের বেতন ১৫ শতাংশ বাদ দিয়ে দিয়েছে!
 
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) লিস্টিং-এর তথ্যমতে, ২০১৫ সালে কুক অ্যাপল থেকে পেয়েছিলেন মোট ১০ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৬ সালে কমে হয়েছে ৮ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার! অথচ গত বছর কুকের বেতন ২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০ শতাংশ বেড়ে হয়েছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার।  টার্গেটের ৮৯ দশমিক ৫ শতাংশ কুক ও অন্য কর্তাদের  দিয়েছিল অ্যাপল।
 
কুকের নগদ বোনাস ২০১৫ সালে ছিল ৮ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ২০১৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। ২০১১ সালে অ্যাপলের নেতৃত্বভার কাঁধে তুলে নেওয়ার পর প্রথম কমল কুকের 'ক্যাশ বোনাস'।
 
বিক্রি ও মুনাফা, দুটি ক্ষেত্রেই লক্ষ্য পূরণে কোম্পানির ব্যর্থতার প্রসঙ্গ উল্লেখ করেছে অ্যাপল। ২০০৭ সালে আত্মপ্রকাশের পর থেকে ২০১৬ আর্থিক বছরে প্রথম আইফোনের বিক্রি কমেছে বলে জানিয়েছে তারা। বিক্রি কমায় বার্ষিক রাজস্বও মার খেয়েছে প্রতিষ্ঠানটির।
 
২০১৬ সালে  বার্ষিক বিক্রির লক্ষ্য ধরা হয়েছিল ২২৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তা লক্ষ্য থেকে প্রায় ৪ শতাংশ কম হয়েছে, যার অর্থমূল্য ২১৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। অপারেটিং আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬০ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তা বাস্তবে শূন্য দশমিক ৫ শতাংশ কম হয়েছে।
 
গত তিনটি ত্রৈমাসিকের প্রতিটিতে আইফোনের বিক্রি কমেছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে তা নেমে এসেছে ৪৫ দশমিক ৫ মিলিয়নে। সংশ্লিষ্ট শিল্প মহলের খবর, স্যামসাং ও অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছে অ্যাপলকে। একেবারে নতুন আইফোন সেটগুলোতে গ্রাহকদের আকৃষ্ট করার মতো যথেষ্ট ফিচার আপগ্রেড করা হয়নি।
 
 
ইত্তেফাক/এএম