পোল্যান্ডে তিন সহস্রাধিক মার্কিন সৈন্যের উপস্থিতি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। রাশিয়ার পক্ষ থেকে একথা বলা হয়েছে।
পোল্যান্ডে মার্কিন সৈন্যের এই উপস্থিতি অধিকতর আগ্রাসী রাশিয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে ন্যাটোর মিত্র দেশগুলোকে পুনরায় আশ্বস্ত করার একটি অংশ।
কয়েক দশকের মধ্যে ইউরোপে এটাই সবচেয়ে বেশি মার্কিন সামরিক সমাবেশে ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আমাদের স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি।’
তিনি আরো বলেন, ‘তারা তৃতীয় পক্ষ হিসেবে ইউরোপে আমাদের সীমান্তে তাদের সামরিক সমাবেশ ঘটাচ্ছে।’
তিনি বলেন, ‘এমনটি তারা কোন ইউরোপীয় দেশ নয়।’
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এলেক্সি মেখোভ যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশকে ‘ইউরোপের নিরাপত্তাকে অস্থিতিশীল’ করার ঘটনা হিসেবে অভিহিত করেছেন।
এদিকে পোল্যান্ডের আন্ডার-সেক্রেটারি অব স্টেট ফর ডিফেন্স তোমাজ জাৎকোওশি বলেন, পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার ‘বড় ধরনের মহড়া’ ও আমাদের খুব কাছেই তাদের আগ্রাসী তৎপরতার কারণে আমাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশ জরুরি হয়ে পড়েছিল।
তিনি বলেন, তাদের আগ্রাসী তৎপরতা বলতে আমি ইউক্রেনে তাদের আগ্রাসন ও ক্রিমিয়াকে অবৈধভাবে দখল করাকে বুঝাচ্ছি।
ইত্তেফাক/এএম
