বাউল গানের আয়োজ

রায়পুরায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২৩:২৫

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় বাউল গানের আসরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে জালাল মিয়া (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ৫ পুলিশসহ কমপক্ষে ১৫ জন।

রবিবার বিকাল ৫টা নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জালাল মিয়া দড়িগাঁও পূর্ব পাড়ার দুদু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া থেকে ৫ মাস পূর্বে দেশে ফিরেছিলেন।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, রায়পুরা উপজেলার নিলক্ষায় ইউনিয়নের দড়িগাও দক্ষিণপাড়া গ্রামে আব্দুল খালেক ফকিরের ওরস উপলক্ষে শনি ও রবিবার দুই দিনব্যাপী বাউল গানের আয়োজন করেন স্থানীয় লোকজন ও তার ভক্ত অনুসারীরা।
 
নিলক্ষার দড়িগাঁও গ্রামের খালেক ফকির নামে এক আধ্যাত্মিক ফকির ৪০ দিন পূর্বে মারা যান। এই খালেক ফকিরের চল্লিশা উপলক্ষে তার ভক্তরা গ্রামে হাদীর বাড়ীতে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল ও এক বাউল গানের আয়োজন করে। এতে গান পরিবেশনের কথা ছিল, প্রথম দিন বাউল শিল্পী সুনিল কর্মকার ও মোঃ কারী বারেক বৈদেশীর। দ্বিতীয় দিন মোঃ আরিফ দেওয়ান ও মোঃ রজ্জব দেওয়ানের। এই বাউল গানের ব্যাপারে থানা পুলিশের সঙ্গে ফকির ভক্তদের একটি সমঝোতা তথা রফাদফাও হয়েছিল বলে জানা যায়।
 
এই কর্মসূচী উপলক্ষে খালেক ফকির ভক্তরা এলাকায় ব্যাপকভাবে পোস্টারিং করে প্রচারণা চালায় এবং হাদীর বাড়ীতে বৈঠক গানের মঞ্চ তৈরী করে। মঞ্চের সামনে বসার জন্য ব্যবস্থা করা হয়। ভক্তদেরকে আপ্যায়নের জন্য গরু জবাই করে পাকানোর ব্যবস্থাও করা হয়। এই উপলক্ষে আশেপাশের বহুসংখ্যক ভ্রাম্যমান ব্যবসায়ীরা সকাল থেকেই গ্রামে গিয়ে দোকান পেতে বসে। রবিবার বিকাল ৫টায় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভক্তদের ওপর হামলাসহ মঞ্চ, দোকানপাট ও টেবিল ভাংচুর করতে থাকে। এসময় ফকির ভক্তরা পুলিশকে বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়।
 
এসময় জালাল মিয়া ও শামসুর রহমান নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এই ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ জালাল মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) রাইজুল আলম, নায়েক শাহজাহান মিয়া, কন্সটেবল রাহিম, রাসেল ও এস এম মালেককে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউর রহমান জানান, সংঘর্ষপ্রবণ এলাকায় বাউল গানের নামে জুয়ার প্রস্তুতি নেয়া হয়। এতে পুলিশ বাধা দিতে গেলে উশৃঙ্খল এলাকাবাসী টেঁটা ও দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর হামালা চালায়। বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
উল্লেখ্য, গত কয়েকমাস যাবৎ রায়পুরার নিলক্ষায় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। ওই সংঘর্ষে ৫ গ্রামবাসী নিহত হয়। রায়পুরা থানার ওসি ও ৫ পুলিশ সদস্যসহ কমবেশি দুই শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে উপজেলা প্রশাসন অনিদিষ্ট কালের জন্য নিলক্ষায় গ্রামে ১৪৪ ধারা জারি করেন।
ইত্তেফাক/এএন