ভারতে বাজেটে নতুন কাজের সুযোগ সৃষ্টি করতে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১ ফেব্রুয়ারি এ বাজেট ঘোষণা করা হতে পারে। তাই দেশের বর্তমান অবস্থায় নতুন কর্মসংস্থানের ওপর দৃষ্টি দিচ্ছেন বিজেপি সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে, যে সব শিল্পে বেশি চাকরি হওয়ার সুযোগ রয়েছে সে সব ক্ষেত্রের জন্য বাজেটে ‘উপহার’ ঘোষণা হতে পারে। দেওয়া হতে পারে বিশেষ কর ছাড়, ঋণের ক্ষেত্রে সুদের উপর ভর্তুকি বা উত্সাহ ভাতা। বস্ত্র, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়া, তথ্য-প্রযুক্তি নির্ভর পরিষেবা, পেট্রো-রসায়ন, বিমান ও জাহাজ মেরামতির মতো ক্ষেত্র অরুণ জেটলির নজরে রয়েছে। এই ক্ষেত্রগুলি যাতে বিশ্ব বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে, তার জন্য কাঁচামাল বা যন্ত্রাংশের উপরে উত্পাদন শুল্ক বা আমদানি শুল্ক কমানো হতে পারে। আর সবদিক বিবেচনায় প্রধানমন্ত্রী নিজেও শিল্প-বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্দেশ দিয়েছেন নতুন নতুন চাকরি সুযোগ সৃষ্টি করতে।
ইত্তেফাক/এএন
