চাঁদের বুকে হাঁটা শেষ নভোচারীর মৃত্যু

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১০:৩৬
 
চাঁদের বুকে হাঁটা শেষ নভোচারী জিন সারনেন ৮২ বছর বয়সে মারা গেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যে তিনজন ব্যক্তি চাঁদে দুইবার গিয়েছেন সারনেন তাদের মধ্যে একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চন্দ্র পৃষ্ঠে সারনেন পা রেখেছিলেন। এরপর আর কেউ চাঁদে যাননি। সে সময় তিনি 'অ্যাপোলো ১৭' মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত আছে।
 
সারনেনের পরিবার জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। এর বেশি পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি।
 
'অ্যাপোলো ১৭' মিশনের নেতৃত্বে দেবার আগে তিনি দুইবার মহাকাশে গিয়েছিলেন - একবার ১৯৬৬ সালে এবং আরেকবার ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সাথে সম্পৃক্ত হন। 
 
সারনেনের পরিবার জানিয়েছে, তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কয়েকদিনের মধ্যেই জানানো হবে।
 
ইত্তেফাক/এএসএস