পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তের অস্ত্র ও প্রাইভেটকার উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:৩১
পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত দুই এসআই পাবনা জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।  তাদেরকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়েছে। 
 
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ হলেন, আটঘরিয়া থানার উপ পরিদর্শক (এস আই) মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০)। এদের মধ্যে মনির হোসেন অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ জানান, ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সিভিল পোশাকে মোটর সাইকেলে একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যান। সেখানে একটি সাদা প্রাইভেটকারে থাকা লোকজনের গতিবিধি সন্দেহজনক হলে চ্যালেঞ্জ করেন দুই পুলিশ সদস্য। এসময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
হাসপাতালের সহকারি পরিচালক ডা. মঞ্জুরা রহমান জানান, আহত দুইজনের মধ্যে এসআই মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোছা: শামিমা আক্তার জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, ৩ টি বিদেশি রিভলভার, ১টি শার্টার গান, ১টি পিস্তল ও ১টি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
 
ইত্তেফাক/এমএইচ