পুষ্টিমান জানাবে স্মার্টফোন অ্যাপ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৩:৪০
নানান কাজে লাগে স্মার্টফোন অ্যাপ। এবার থেকে লাগবে খাবারের পুষ্টিমান নির্ধারণে। শিগগিরই এমনই এক অ্যাপ উন্মোচন করছে ভারত সরকার। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের কর্মকর্তা টি লংভা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
 
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, অ্যাপটি ইন্ডিয়ান ফুড কম্পোজিশন টেবিল-২০১৭ (আইএফসিটি) তথ্যের উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে। গ্রাহকদের এর মধ্যে বিভিন্ন ধরনের খাবারের নাম ও পরিমাণ দিতে হবে। অ্যাপটি হিসাব করে জানাবে খাবারের পুষ্টি ও গুণমানের তথ্য।
 
মন্ত্রী আরও জানান, 'যদি কেউ ইডলি খেয়ে থাকে তাহলে অ্যাপের সাহায্যে জানতে পারবে কত ক্যালরি সে ইনটেক করেছে। আগামী তিন মাসের মধ্যে অ্যাপটি তৈরি হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
 
লংভা জানিয়েছেন, আইএফসিটি রিপোর্টে ৫২৮টি ভারতীয় খাদ্য সম্বন্ধে সমস্ত তথ্য রয়েছে। ৬টি ভৌগলিক অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা হয়েছে।
 
স্কুলে দুপুরের খাবার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অ্যাপটি খুব উপকারি হবে বলে দাবি বিশেষজ্ঞদের।
 
ইত্তেফাক/এএম