তিন দিনের সফরে ঢাকা আসছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:১১

আগামী ১ ফেব্রুয়ারি ২০১৭ বিকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী ডঃ রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আল হাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ডঃ মাজদি খালদিসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ মাহমুদ আব্বাসের প্রতিনিধিদলে অন্তর্ভূক্ত থাকবেন।

এ সফরকালে মাহমুদ আব্বাস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ সকল বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবেন।

এ সময়ে দু’দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রীদ্বয় সৌজন্য বৈঠকে মিলিত হয়ে দু’দেশের প্রাধিকারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করবেন বলে আশা করা যায়।
 
ঢাকা সফরের শুরুতেই ফিলিস্তিনের রাষ্ট্রপতি সাভারস্থ জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এছাড়াও মাহমুদ আব্বাস তাঁর সম্মানে রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহন করবেন।
 
বাংলাদেশে তিন দিনের সরকারী সফর শেষে ফিলিস্তিনের রাষ্ট্রপতি আগামী ৩ ফেব্রুয়ারি ২০১৭  অপরাহ্নে ঢাকা ত্যাগ করবেন।

ইত্তেফাক/এএন