খাগড়াছড়ি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এসএম মাসুদ রানার মোটরসাইকেল পুড়িয়ে দেয়া নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঙালি ও পাহাড়ি দুই ছাত্র সংগঠন পরস্পরকে দায়ী করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সম্পাদক এসএম মাসুম রানার অভিযোগ, ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরাই তার গাড়িটি পুড়িয়ে দিয়েছে। দুই পক্ষের ছাত্রদের মধ্যে বিরোধ মীমাংসার প্রস্তুতিকালে এ হামলা চালানো হয়।
অন্যদিকে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সম্পাদক অমল ত্রিপুরা উল্টো অভিযোগ করে বলেন, ‘গত সোমবার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার ঘটনার প্রতিবাদ করতে গেলে বিকালে পাহাড়ি ছাত্ররা হামলার শিকার হয়।’ মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ অস্বীকার করেন পাহাড়ি ছাত্র পরিষদের এই নেতা। তিনি হামলার ঘটনার নিন্দা জানান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, উপজেলা পরিষদ মাঠে বাক্বিতণ্ডার এক পর্যায়ে একদল পাহাড়ি যুবক কাউন্সিলর মাসুম রানার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে অভিযোগ পাওয়া গেলে জড়িতদের গ্রেফতার করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ
