এক মাসেও সন্ধান মেলেনি প্রবাসী সেলিমের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪১
 
নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি সৌদি আরবের রিয়াদে কর্মরত গাড়িচালক মো. সেলিমের। সেলিম ঢাকা জেলার দোহার উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের মৃত বনি আমিন মোল্লার ছেলে।
 
পরিবারের দাবি, গত ৩০ডিসেম্বর থেকে সৌদি আরবে নিখোঁজ রয়েছে সেলিম। এ ঘটনায় বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসে লিখিত অভিযোগও করেছেন তারা। জানা গেছে, সেলিম ১৯৯২ সালে কাজের সন্ধানে দেশ থেকে সৌদি আরবে পাড়ি জমান। শুরু থেকেই গাড়িচালক হিসেবে সে রিয়াদে ট্রাক্সিক্যাব কোম্পানির গাড়ি চালাতো।
 
সর্বশেষ গত দুই বছর যাবত রিয়াদের শেরিকা আল মেসুয়ার নামে একটি ট্রাক্সিক্যাব কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় গত ৩০ ডিসেম্বর সে গাড়ি নিয়ে বের হলেও আর ফিরে আসেনি। সে যে রুমে থাকত সে রুমটিও তালাবন্ধ অবস্থায় রয়েছে বলে জানা যায়।
 
সেলিমের গ্রামের বাড়িতে গিয়ে জানা যায়, তার পরিবারে স্ত্রী, দুই সন্তান, মা ও বড় ভাই রয়েছে। পরিবারের সদস্যরা প্রতিনিয়ত তার ফিরে আসার জন্য প্রহর গুনছেন।
 
সেলিমের স্ত্রী জুবায়দা খানম জানায়, গত ২৯ ডিসেম্বর রাতে তার সাথে কথা হয়েছিল। তারপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলে ২/৩ দিন পর্যন্ত রিং হয়েছে কিন্তু তারপর থেকে মোবাইলটি বন্ধ রয়েছে। সৌদি আরবের রিয়াদে কর্মরত দোহার উপজেলার অনেকের সাথে যোগাযোগ করা হলে তারাও কোন সংবাদ দিতে পারছে না।
 
ইত্তেফাক/এসএস