ডিজিটাল মার্কেটিংয়ের হাতিয়ার কনটেন্ট মার্কেটিং

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৫
ডিজিটাল মার্কেটিংয়ে ভালো কনটেন্টের অভাব রয়েছে। ডিজিটাল মার্কেটিং সফলভাবে সম্পন্ন করতে হলে ভালো কনটেন্ট তৈরি করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম উপায়।
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান বেসিস সফটএক্সপোর শেষ দিন সকালে গ্রিনভিউ হলে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘ডিজিটাল মার্কেটিং ফর বুস্টিং বিজনেস’।
 
বেসিস পরিচালক রিয়াদ এস এ হোসেনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএসএল ওয়্যারলেসের হেড অব প্রডাক্ট ডেভেলপমেন্ট রাশেদ মোসলেম। এতে আলোচক হিসেবে ছিলেন এসএসএল ওয়্যারলেসের হেড অব ই-কর্মাস নাওয়াত আশেকিন, আমরা নেটওয়ার্কের হেড অব মার্কেটিং সোলাইমান শুখন, প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া ম্যানেজার নাজমুল হাসান, রেইজ আইটি সল্যিউশন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এ. এম রাশেদুল মজিদ, ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, সিটি ব্যাংকের হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, চালডালের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ এবং এসএসএল ওয়্যারলেসের হেড অব কমিউনিকেশনস সোহেল এ রাহমানি।
 
রাশেদ মোসলেম বলেন, ট্রেডিশনাল মার্কেটিংয়ের চেয়ে ডিজিটাল মার্কেটিং অনেক বেশি ফলপ্রসু এবং কম খরচেই কাঙ্খিত গ্রাহকের কাছে পৌঁছানো যায়। তবে ভালো কনটেন্ট না হলে ক্রেতাদের সঠিক বার্তাটি দেয়া সম্ভব হয় না। ডিজিটাল মার্কেটিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে বেশি সংখ্যক ক্রেতাদের কাছে পৌঁছানো যায়।
 
ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে হলে ক্রেতাদের চাহিদা বুঝতে হবে। সেই সঙ্গে কোন পণ্যটি কোন ধরণের ক্রেতার জন্য সেটি ঠিক করে তাদের উদ্দেশ্য করে মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এছাড়াও ক্রেতাদের আস্থা অর্জনের জন্য পণ্যটি অথেনটিক হতে হবে।
 
আমরা নেটওয়ার্কের হেড অব মার্কেটিং সোলাইমান শুখন বলেন, ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বিগ ডাটার ওপর নির্ভর করতে হবে। কেননা, তখন ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারনেট অব থিংকস (আইওটি) যুক্ত হবে। এতে করে প্রতিষ্ঠানগুলো আর সহজে ক্রেতাদের বাইং বিহেভিয়ার বুঝতে সক্ষম হবে।
 
ইত্তেফাক/এএম