ঢাবি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাণের মেলা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৩
‘আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ‘প্রাণের মেলা-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ। 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের গুরুত্ব অনেক। এ ধরনের কর্মসূচি প্রাক্তনদের মিলিত হওয়ার সুযোগ করে দেয়। আর এসব ছোট ছোট সংগঠন একটি ভালো উদ্যোগ। আমি এর সফলতা কামনা করি। এসব কাজ সমাজের উন্নতির লক্ষণ।’
 
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্র জীবনের স্মৃতি সুমধুর স্মৃতি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেই মধুর স্মৃতিকে রোমন্থনের সুযোগ করে দেয়। এটা বন্ধুত্বের সেতু বন্ধন হিসেবে কাজ করে। 
 
ইত্তেফাক/এমআই