চরফ্যাশনে নানা বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৭
 
ভোলার চরফ্যাশন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভোলা প্রি ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী জমজ ২ বোন স্মৃতি ও ঋতির (১১) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নুরুল হাওলাদারের বাড়িতে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
মৃত দুই জমজ বোনের পিতা ভোলা বারের সদস্য অ্যাডভোকেট ইশরাত হোসেন রিপন জানান, দমকল বাহিনী এসে  ৪ ঘন্টা অভিযান চালিয়ে প্রথমে ঋতিকে উদ্ধার করে।
 
চরফ্যাশন দমকল বাহিনীর স্টেশন অফিসার আ. রশিদ জানান, পুকুরে অতিরিক্ত পানি থাকায় আমাদের অভিযানে ঋতিকে উদ্ধার করার পর বন্ধ ঘোষণা করেছি। এর কয়েক ঘন্টা পর পুকুরে স্মৃতির মৃতদেহ ভেসে উঠে। এ ঘটনায় নুরুল হাওলাদারের বাড়িতে হূদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে।
 

ইত্তেফাক/এএম।