রাজধানীতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত বুধবার সাত দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এছাড়া মোটরযান আইনের ১১৮টি মামলায় এক লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার।
বিআরটিএ’র পরিচালক জানান, বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আদালত পরিচালনা করে মোটরযান আইনে ৪২টি মামলায় ৩৫হাজার ৮’শ টাকা জরিমানা আদায় এবং ৩টি যানবাহনকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। মামলাসমূহের মধ্যে মোটরসাইকেল চালক কর্তৃক হেলমেট ব্যবহার না করা ও একের অধিক আরোহী বহন করার অপরাধে ২৫টি মামলায় জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ -এ মিরপুর কার্যালয়ে আদালত পরিচালনা করে সাত্তার,বাবু নামে দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান তরে। এছাড়া ঢাকা মহানগরীর আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনার করে মোটরযান আইনে ৩৭টি মামলায় ৩২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত মহানগরীর শাহবাগ এলাকায় আদালত পরিচালনা করে মোটরযান আইনে ৩১টি মামলায় ৪২ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় এবং বাসে ভাড়ার তালিকা প্রদর্শন না করা, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।
মামলাসমূহের মধ্যে মোটরসাইকেল চালক কর্তৃক হেলমেট ব্যবহার না করার অপরাধে ৯টি এবং গণপরিবহনে ভাড়া তালিকা না থাকা ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত ২২টি মামলায় জরিমানা করা হয়েছে।
বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান এর নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরার দিয়াবাড়ি এলাকায় আদালত পরিচালনা করে আব্দুর রহমান, আব্দুল মজিদ শরিফ নামে দুইজন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানসহ মোটরযান আইনে আটটি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ইত্তেফাক/কাউছার
