নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে আবারো আটকা পড়ল শত শত তিমি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৮
প্রশান্ত মহাসাগর বেষ্টিত দেশ নিউজিল্যান্ডের লোকালয় বিহীন সমুদ্র সৈকতে আবারো আছড়ে পড়েছে কয়েকশ তিমি। গত বৃহস্পতিবারের দেশটির সৈকতে প্রায় ৪০০ পাইলট তিমি আটকা পড়লে স্থানীয় উদ্ধার কর্মীরা ১০০ টিকে সমুদ্রে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলো।
 
তবে শনিবার সকালে স্বেচ্ছাসেবীরা পানিতে নেমে মানববর্ম তৈরি করেও তিমিদের উপকূলে আছড়ে পড়া ঠেকাতে পারেনি। পরিষ্কার জলের অভাব ও অগভীর তটরেখার কারণে ছোট জাতের এ তিমিদের মৃত্যুমিছিল থামাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের।
 
IMG0
 
উপকূলে হঠাৎ আছড়ে পড়া ৪০০ তিমির মধ্যে প্রায় ৩০০ অল্পক্ষণের মধ্যেই মারা যায়। তারপরও উদ্ধারকারী দল ওষুধ ও ঠাণ্ডা পানির মাধ্যমে জীবিতদের সমুদ্রে প্রেরণের চেষ্টা অব্যাহত রেখেছে।
 
IMG1
 
তবে, ঠিক কি কারণে তিমিরা দল বেধে উঠে আসছে সৈকতে তার কোন ব্যাখ্যা পাওয়া যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে, পথ ভুলে বা অন্য কোন সামুদ্রিক প্রাণীর আক্রমণের ভয়ে তিমিরা এ সর্বনাশা সিদ্ধান্ত নিচ্ছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু