আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৪
উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করলো দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কোন ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ৭টা ৫৫মিনিটে এ পরীক্ষা চালানো হয় জাপান সাগরের পূর্ব দিক বরাবর। তবে প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
 
পিয়ংইয়ং গত বছরগুলোতে বেশ কয়েকটি পরমাণু পরীক্ষা চালিয়েছে।
 
আর এবারের পরীক্ষা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে।
এ বৈঠকে তারা বলেছেন উত্তর কোরিয়ার পরমাণু হুমকিই তাদের কাছে অগ্রাধিকার পাবে। আর একটি মিস্টার ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
 
গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস বলেছিলেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার জবাব দেয়া হবে। বিবিসি
 
ইত্তেফাক/মাহাদী