রাজিব থমাস অসাধারণ সাহসী এক ভারতীয় বাবা। যিনি পরিত্যক্ত ২২ জন এইচআইভি আক্রান্ত শিশুকে লালন পালনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। নিজের দুই সন্তান থাকতেও তিনি মৃত্যুমুখে পতিত এসব শিশুকে মুম্বাইতে নিজের বাড়িতে এনে তুলেছেন।
এদের পরিপূর্ণ চিকিৎসা ও পড়াশোনার দায়ভারও নিয়েছেন তিনি। তাঁর স্ত্রী মিনি রেজি নিজে প্রতিদিন তিনবেলা এসব অসহায় বাচ্চাদের জন্য রান্না করেন।
তবে এ নিয়ে প্রতিবেশীদের অনেক যন্ত্রণাদায়ক উপহাসেরও শিকার হন এই দম্পতি। কিন্তু কোন কিছুতেই পেছনে তাকাতে রাজি নন তাঁরা।
তবে এই ধরণের সাহসী সিদ্ধান্তের পেছনে একটি গল্প আছে বলে জানান রাজিব। তিনি বলেন, ‘একদিন মুম্বাইয়ের এক হাসপাতালের সামনের রাস্তায় হাড় জিরজিরে এক বাচ্চা মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি। মেয়েটির কাছে গেলে সে নুডলস খাবে বলে জানায়। সঙ্গে সঙ্গেই বাসায় ছোটেন রাজিব। খাবার নিয়ে ফিরে এলেও মেয়েটির দেখা পাননি। খোঁজ নিয়ে জানতে পারেন অল্পক্ষণ আগেই মারা গেছে সে। এইচআইভি পজেটিভ থাকায় কিছুদিন আগেও মারা গিয়েছে তার বাবা মা।’
IMG0
এই ঘটনা ভীষণভাবে নাড়া দেয় রাজিবকে। আর তাতেই মানবিকতায় জাগ্রত হয়ে তিনি বুকে আগলে নিয়েছেন এসব অসহায় শিশুদের। সমগ্র ভারত থেকে খুঁজে খুঁজে এইচআইভি আক্রান্ত শিশুদের এনে লালন পালন করছেন। ইনডি১০০নিউজ।
ইত্তেফাক/সেতু
