ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে আবারও তল্লাশি চালিয়েছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দু'টি কক্ষে সিলগালা করা হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ তল্লাশি চালানো হয়।
সিলগালা করা কক্ষ দু'টি হচ্ছে- নিচতলার ১১২ ও তিন তলার ৩১৭ নম্বর কক্ষ। কক্ষ দু'টি থেকে মনিটর, সিপিউসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক দ্রব্য জব্দ করা হয়।
তল্লাশিতে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুন নাহার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নেতৃত্ব দেন।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রভোস্ট এবং শাহবাগ থানা পুলিশ প্রথম অভিযান চালিয়েছিল। এসময় সূর্য সেন হলের ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর রুম থেকে সাতজন বহিরাগতকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ঢাবি ক্যাম্পাসে দিন-দুপুরে গুলি করে ছিনতাই চেষ্টার ঘটনায় আটক একজনের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করা হয়।
ইত্তেফাক/জামান
