জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩২
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের পাশে হাওরের জমি থেকে আজ মঙ্গলবার দুপুরে মাহফুজুর রহমান সোহাগ (১৬) নামে মাদ্রাসা ছাত্রের গলা কাটা ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুজুর রহমান সোহাগ আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের তৈয়বুর রহমান টিটু মিয়ার পুত্র। সে ঐ গ্রামের জয়দা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। 
 
নিহত সোহাগের বাবা টিটু মিয়া জানান, তার পুত্র মাহফুজুর রহমান সোহাগকে সোমবার সন্ধ্যা রাতে তার এক সহপাঠি কিশোর ঘর থেকে ডেকে নিয়ে যায়। ঐদিন রাত থেকে সে নিখোঁজ হয়। আজ মঙ্গলবার দুপুরে জয়দা গ্রামের হাওরে ধানী জমিতে লাশ দেখে থানায় জানানো হয়।
 
টিটু মিয়া আরো জানান, তার পুত্রকে গলা কেটে নৃশংস কায়দায় খুন করা হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিনসহ পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। 
 
পুলিশ জানিয়েছে লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদিকে কি কারণে মাদ্রাসা ছাত্র মাহফুজুর রহমান সোহাগকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এ বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম