এখন প্রায় সবারই ফেসবুক-হোয়াটসঅ্যাপের পাশাপাশি টুইটারেও অ্যাকাউন্ট থাকে। তবে ফেসবুক-হোয়াটসঅ্যাপে যতটা সময় দেন সবাই ততটা দেন না টুইটারে। সেলেব্রিটিরা কে কী বলছে, এসবে এক-আধটু চোখ বুলিয়ে নিয়েই বেরিয়ে যান টুইটার অ্যাকাউন্ট-ধারীরা। কারণ, টুইটারে মেসেজ করতে গেলে আবার প্রোফাইলে লগ ইন করার ঝামেলা আছে।
কিন্তু এখন থেকে আর তা করতে হবে না। স্মার্টফোনের জন্য টুইটারেও আসছে ফেসবুকের মতো ডিরেক্ট মেসেজ অ্যাপ।
টুইটারে এবার ডিরেক্ট মেসেজ করা যাবে তাদের নিজস্ব ডিরেক্ট মেসেজ অ্যাপ 'টুইম' দিয়ে। ফেসবুক মেসেঞ্জারের মতো এই অ্যাপ দিয়ে ডিরেক্ট চ্যাট বক্সে মেসেজ করা যাবে। এখানে আপনি একবার লগ ইন করলে বারবার প্রোফাইলে না গিয়েও সব মেসেজ পেয়ে যাবেন অ্যাপে। ঠিক যেমনটা পাওয়া যায় ফেসবুক মেসেঞ্জারে।
IMG0
তবে এই সুবিধা আপাতত শুধু আইফোন ব্যবহারকারীরাই পাবেন। কারণ, টুইটার তাদের ডিরেক্ট মেসেজ অ্যাপ টুইম চালু করেছে কেবল আইওএস প্ল্যাটফর্মে।
এই অ্যাপ আইফোন-এর সেইসব ফিচারও সমর্থন করবে, যা টুইটার অ্যাপ করে না। থ্রিডি টাচ থেকে সিরিকিট সবকিছুই এবার আপনি ব্যবহার করতে পারবেন টুইটারের নতুন ডিরেক্ট মেসেজ অ্যাপে।
অ্যাপ আইকনের উপর ট্যাপ করে হোল্ড করে রাখলেই এক এক করে ফিচার পাওয়া যাবে। আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের ফিচার, যা আপনি ব্যবহার করতে চান। ফেসবুক মেসেঞ্জারের মতো এখানে ইমোজিও ব্যবহার করতে পারবেন। তবে এখানে ইমোজির আবার নতুন নাম, টুইমোজি।
এখন এই অ্যাপ পাওয়া যাবে কেবল অ্যাপল স্টোরে। তবে কবে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন তা এখনই বলা যাচ্ছে না।
ইত্তেফাক/মনসুর
