শহীদ মিনার ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ০১:০২

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার ঘিরে চারস্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। মোতায়েন থাকবে আট হাজার পুলিশ সদস্য (পোশাকে ও সাদা পোশাকে)। কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। অতীতে আমাদের যে ব্যর্থতা তার অভিজ্ঞতার ভিত্তিতে এবার নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে  তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, একুশে ফেব্রুয়ারি রাজধানীর মত্স্য ভবন, বকশীবাজার, চাঁনখারপুল এলাকা থেকে গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করা যাবে না। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। শুধু পলাশীর মোড় ও জগন্নাথ হলের ভেতর দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে। শহীদ মিনারে প্রবেশের গেটে তল্লাশি থাকবে। এ ছাড়া প্রত্যেকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হবে।

তিনি আরো জানান, একুশের নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করতে মত্স্য ভবন থেকে নিউমার্কেট, দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত প্রতিটি এলাকা ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে।

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের  জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের কোনো হুমকি নেই। আমাদের ডগ স্কোয়াড, সোয়াট, সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আট হাজার পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।  এছাড়া থাকবে প্যাট্রল টিম। আমরা আশা করি সুশৃঙ্খলভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারব।

 লেখক অভিজিত্ রায় হত্যাকাণ্ড মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  কমিশনার বলেন, অভিজিত্ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন আমাদের অভিযানে নিহত হয়েছে। দুয়েকজন আটক আছে। বাকিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

ইত্তেফাক/নূহু