জার্মান এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে হঠাৎই হারিয়ে গেল ভারতের জেট এয়ারওয়েজের বিমান। মধ্য আকাশে লাপাত্তা হয়ে যাওয়া ওই ভারতীয় বিমানকে শেষমেশ খুঁজে বের করল জার্মান বিমানবাহিনী। ৩৩০ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি।
জার্মানির আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারালে বিমানটি হাইজ্যাক হল কিনা তা নিয়ে চিন্তায় পড়ে অ্যাঞ্জেলা মার্কেলের দেশ। তবে জার্মান বিমানবাহিনীর সহায়তায় শেষমেশ নিরাপদেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামে বিমানটি।
জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ ১১৮ বিমানটি ৩৩০ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল ১৬ তারিখ। বিমানটি যাচ্ছিল জার্মানি হয়ে। জার্মানির কোলন শহর ঘেঁষে উড়ে যাওয়ার সময় সেটি জার্মান এয়ার ট্রাফিক কন্ট্রোলের পাঠানো সংকেতে সাড়া দেয়নি। এতে উদ্বেগ বাড়ে জার্মানির। বিমানের খোঁজে নিজেদের বিমানবাহিনী পাঠায় তারা।
বিমানটিকে দেখতে পায় জার্মান বিমানবাহিনী এবং সেটিকে উদ্ধার করে। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে নামে জেট এয়ারওয়েজের বিমানটি।
বিমানটি উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওটি নিয়ে কিছু জানাতে চায়নি জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, হঠাৎ কীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন সেই বিষয়টি খতিয়ে দেখছে। তবে বিমানের ৩৩০ জন যাত্রী ও ১৫ ক্রু মেম্বার নিরাপদেই রয়েছেন।
বিশেষ সূত্রে জানা গেছে, স্লোভাকিয়া থেকে প্রাগ এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব স্থানান্তরিত হওয়ার সময় এই ঘটনা ঘটে। জার্মানির অ্যাভিয়েশন হেরাল্ড নামে একটি ওয়েবসাইটের দাবি, জেট এয়ারওয়েজের পাইলট ভুল ফ্রিকোয়েন্সি বাছার জন্যই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল।
ইত্তেফাক/মনসুর
