কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা, আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২০
খাগড়াছড়ির রামগড়ে উপজেলার প্রত্যন্ত এলাকা রুপাইছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও আসামি গ্রেপ্তারের দাবিতে সোমবার সচেতন পাহাড়ি শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন ফেডারেশন (এইচ ডব্লিও এফ)। ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি নেয়ার ঘোষণা দেয়া হয়েছে মানববন্ধন থেকে। 
 
সোমবার সকাল পৌনে ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত  রামগড় পৌর শহরের উপকণ্ঠে খাগড়াছড়ি সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
 
মানবন্ধনে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলার সচেতন শিক্ষার্থীর সমন্বয়ক নরেশ ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা, নারী ও যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির লক্ষ্মীছড়ি উপজেলার সদস্য ও মহিলা ইউপি মেম্বার জয়া চাকমা ও মেরিনা চাকমা। 
 
বক্তার বলেন, উপজেলার রামগড় ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি পল্লী রুপাইছড়ির স্কুল পাড়ার বাসিন্দা সম্ভা চরণ ত্রিপুরার ১৫ বছর বয়সী কিশোরীকে দুই রাত একদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার ৩দিন অতিবাহিত হলেও ধর্ষণকারী হাসানসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়নি। মানববন্ধন থেকে ধর্ষণ মামলার আসামিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে ঘোষণা করা হয়, অন্যথায় কঠোর কর্মসূচি নেয়া হবে। 
 
উল্লেখ্য, গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার রুপাইছড়ির স্কুল পাড়ার বাসিন্দা সম্ভা চরণ ত্রিপুরা থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, গত বুধবার গভীর রাতে পার্শ্ববর্তী এলাকা খাগড়াবিলের হানিফ বাচ্চুর ছেলে মো. হাসান (২৫) জোরপূর্বক তুলে নিয়ে যায়। রুপাইছড়ির জঙ্গলে নিয়ে হাত পা বেঁধে দুদিন ধরে তাকে ধর্ষণ করে হাসান। শুক্রবার ভোর বেলায় সে বাড়ি ফিরে এসে বাবা, মা ও আত্মীয়-স্বজনদের ঘটনাটি জানায়। ধর্ষণের ঘটনায় ঐ কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। অপহরণপূর্বক ধর্ষণের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় হাসানকে আসামি করা হয়।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম