রাশিয়ান এক ধনকুবেরের মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহৎ ‘সুপার ইয়ট’ কে বাজেয়াপ্ত করেছে জিব্রাল্টার কর্তৃপক্ষ। জার্মানির এক জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি, এর মালিক তাদের পাওনা ১৫ দশমিক ৩ মিলিয়ন ইউরো বা প্রায় ১৩০ কোটি টাকা এখনো পরিশোধ করেনি।
আর একারণেই আন্দ্রেই মেলনিচেঙ্কোর মালিকানাধীন পালতোলা এ অত্যাধুনিক ইয়টটি জিব্রাল্টারে গত বুধবার থেকে আটকে আছে।
তবে, এই ধনকুবেরের মুখপাত্র জানিয়েছে অচিরেই এটিকে ছাড়পত্র প্রদান করবে জিব্রাল্টারের কর্মকর্তারা।
বারমুডা রেজিস্ট্রিকৃত বিশাল এই নৌ-তরীটি তৈরী করে নোবিস্ক্রাগ, যেটি দুই সপ্তাহ আগে উত্তর জার্মানির কেইল শিপইয়ার্ড থেকে ছেড়ে যায়। ১৪৩ মিটার লম্বা ইয়টটিতে তিনটি বিশাল যান্ত্রিক পাল রয়েছে, যার একটি প্রায় ১০০ মিটার উঁচু।
১২ হাজার ৬০০ টন ধারণক্ষমতা সম্পন্ন এই নৌতরীটি নির্মাণে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে। ফিলিপে স্টার্কের নকশাকৃত এ জলযানে অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে বলে জানায় নোবিস্ক্রাগ। বিবিসি।
ইত্তেফাক/সেতু
