জাতিসংঘে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত ভিটালি চারকিন মারা গেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হঠাৎ করেই মৃত্যুবরণ করেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করলেও বিস্তারিত কিছু উল্লেখ করেনি।
জানা গেছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন চারকিন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ভিটালি চারকিন ২০০৬ সাল থেকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বেঁচে থাকলে মঙ্গলবার তিনি ৬৫ বছর পূর্ণ করতেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জাতিসংঘ সদর দফতরে চারকিনের মৃত্যুর খবর পৌঁছানোর পর তাঁর সহকর্মীদের মাঝে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চারকিনের মৃত্যুতে শোক প্রকাশ করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া প্রসঙ্গেও কোনও মন্তব্য করতে রাজি হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চারকিন সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এক ফেডারেল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানান, রুশ রাষ্ট্রদূতের মৃত্যুতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চারকিনকে রুশ দূতাবাস থেকে ম্যানহটন হাসপাতালে নেওয়া হয়।
রুশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চারকিনের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি চারকিনের পেশাদারিত্ব এবং কূটনৈতিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। সিএনএন।
ইত্তেফাক/সেতু
