৯৩তম জন্মদিনে আগামী নির্বাচনেও অংশগ্রহণের ঘোষণা মুগাবের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫১
আফ্রিকায় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ৯৩ তম জন্মদিনে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
 
এই নিয়ে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করছেন তিনি। নব্বই অতিবাহিত হওয়া এই বর্ষীয়ান নেতা রাষ্ট্রীয় টেলিভিশন জেডবিসিতে প্রচারিত বক্তব্যে তাঁর দলের কর্মীদের প্রসঙ্গে বলেন, ‘তারা চায় আমি নির্বাচনে দাঁড়াই।’ 
 
জনগণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ মনে করে প্রেসিডেন্ট হিসেবে আমার বিকল্প নেই।’
 
এই সময় তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমেরিকার জনগণের উচিত তাকে সময় দেয়া।
 
রবার্ট মুগাবে ১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে জিম্বাবুয়ে ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে তিনি দেশটি শাসন করে আসছেন। তাঁর দীর্ঘ শাসনকালে জিম্বাবুয়ের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ে পড়েছে ।
 
২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুগাবের জয় নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। নির্বাচনে অভিযোগ উঠে ব্যাপক ভোট কারচুপির। বাসস/এইচএন।
 
ইত্তেফাক/সেতু