‘আফগান গোয়েন্দা সংস্থা ভারতের হয়ে কাজ করেছে’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৯
পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ বলেছেন, আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস (জাতীয় নিরাপত্তা পরিদপ্তর) ভারতের হয়ে কাজ করেছে। পাকিস্তানের সন্ত্রাসী গ্রুপকে মদদদানের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে ওই সংস্থাটি ব্যবহৃত হয়েছে। সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। 
 
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পারভেজ মোশাররফ বলেন, এনডিএস ভারতীয় গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে সংঘর্ষপ্রবণ পাক উপজাতীয় এলাকা অস্থিতিশীল করে তোলে। উত্তর ওয়াজিরিস্তানে জারব-ই-আজব নামে শুদ্ধি অভিযানকালে এ ঘটনাগুলো ঘটানো হয়। তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভি কোয়েটায়ও সেসময়ে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালায়। 
 
সাংবাদিকরা এসময় তাকে প্রশ্ন করেন তার সময়ে তিনি কেন এগুলো নির্মূল করেননি। এর জবাবে তিনি বলেন, আমার সময়ে এসবের অস্তিত্ব ছিল না। এ নিয়ে বারবার ভারতকে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছি। কিন্ত প্রতিবারই তারা আলোচনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি যখন পদত্যাগ করি তারপর থেকেই এখানে এগুলো মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠে। মোশাররফ বলেন, আমরা সবকিছুরই একটা সুষ্ঠু সমাধান চেয়েছি এবং সেলক্ষ্যেই কাজ করে গেছি। চার দফার ভিত্তিতে কাশ্মির সংকট সমাধানের একেবারে কাছাকাছি পৌছে গিয়েছিলাম। যুক্তরাষ্ট্র এবং চীনও সেসময়ে সমান্তরালে ছিল। ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী হিসাবে হাফিজ সাইদ এর গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, সাইদ কোন সন্ত্রাসী নন। 
 
তিনি বলেন,সাইদ একজন বড় দাতব্য সংস্থা চালায়। তাকে সেভাবেই সকলের দেখা করা উচিত। কেননা পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প ও বন্যার সময় তিনি (সাইদ) ব্যাপক ত্রাণ কার্যক্রমের মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন। পারভেজ মোশাররফ বলেন, হাফিজ সাইদ তালেবান এবং আল-কায়েদার বিরুদ্ধে ছিলেন। অথচ তার বিরুদ্ধে নানা কথা বলে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে। এএনটিভি।
 
ইত্তেফাক/সাব্বির