ইরাকি নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার মসুল বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে। নগরীর পশ্চিমাঞ্চল থেকে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উৎখাতে সরকারের নতুন করে শুরু করা অভিযানের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জানা গেছে, ইরাকি বাহিনী আল-ঘাজলানি সামরিক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকাতেও হামলা চালিয়েছে। সেখানে জঙ্গিদের সাথে সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। জঙ্গিরা ইতোমধ্যে রানওয়ে ধ্বংস করে দিলেও সেখানে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসা বিশাল এলাকা মসুলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রুটের নিয়ন্ত্রণ নিতে ইরাকি বাহিনীকে সাহায্য করবে।
উল্লেখ্য, গত মাসে সরকারি বাহিনী মসুলের পূর্বাঞ্চল পুনরায় দখল করে নেয়। সামরিক মুখপাত্র ইরাকিয়া টেলিভিশনকে বলেন, আইএস জঙ্গিদের উৎখাতে একই সময়ে মসুল বিমানবন্দর ও আল-ঘাজলানি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। সন্ত্রাসবাদ দমন সংস্থার (সিটিএস) মুখপাত্র সাবাহ আল-নোমান বলেন, ‘আমরা এটা নিশ্চিত করতে পারি যে, মসুল বিমানবন্দরে সামরিক অভিযান শুরুর অল্প সময়ের মধ্যেই তা পুরোপুরি আমাদের বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে।
সিটিএস ও র্যাপিড রেসপন্স ট্রুপস এ অভিযান চালায়। এ বিমানবন্দর ও আল-ঘাজলানি সামরিক ঘাঁটি টাইগ্রিস নদীর পশ্চিম প্রান্তে মসুলের দক্ষিণ উপকণ্ঠে অবস্থিত। মসুল পুনর্দখলে এ অভিযানে হাজার হাজার ইরাকি সেনা অংশ নেয়। উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের ব্যাপক উত্থানের সময় জিহাদিরা মসুল দখল করে । এএফপি।
ইত্তেফাক/সাব্বির
