কয়লা আমদানি নিষিদ্ধ প্রশ্নে চীনের সমালোচনা উ. কোরিয়ার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৩
যুক্তরাষ্ট্রের সুরে কথা বলায় উত্তর কোরিয়া তাদের প্রধান মিত্র ও কূটনৈতিক অভিভাবক দেশ চীনের কঠোর সমালোচনা করেছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সম্ভাব্য শাস্তি হিসেবে চীন পিয়ং ইয়ং থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করার পর তারা বেইজিংয়ের এ সমালোচনা করে। 
 
কোরীয় যুদ্ধের সময় থেকে বেইজিং ও পিয়ং ইয়ংয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের মাঝে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ক্ষেত্রে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার একগুয়ে আচরণে চীন বারবার বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করলে তাদের মধ্যে এ টানাপোড়েন শুরু হয়।
 
এ প্রেক্ষাপটে গত সপ্তাহে চীন উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি স্থগিতের ঘোষণা দেয়।
 
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েকদিন পর তারা এ ঘোষণা দেয়। দেশটির নেতা কিম জং-উন সরাসরি উপস্থিত থেকে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর পিয়ং ইয়ংয়ের সেটি ছিল প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে চীনের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করা হয়। বাসস
 
ইত্তেফাক/মাহাদী