যুক্তরাজ্যের পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে একটি পারমাণবিক বাঙ্কারের ২০টি কক্ষে গাঁজা চাষের সন্ধান পায়। যার দাম প্রায় ১০ লাখ পাউন্ড।
বৃহস্পতিবার সিএনএন এ সংক্রান্ত একটি প্রতিবেদনে জানায়, উইল্টশায়ারে চিলমার্কের আঞ্চলিক সরকারের সদর দপ্তরের ওই বাঙ্কারে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়।
দেশটির পুলিশ জানায়, পারমাণবিক হামলা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রক্ষা করতে আশির দশকে তৈরি করা হয় বিশাল এই বাঙ্কার। যেটি প্রায় সম্পূর্ণরূপে দুর্ভেদ্য। অভিযানের আগে ওই বাঙ্কার থেকে সন্দেহভাজনদের বের হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে তাদের। সন্দেহভাজনরা সেখান থেকে বের হওয়ার পরই কেবল পুলিশ সেখানে ঢুকতে সক্ষম হয়।
পুলিশ আরো জানিয়েছে, অভিযানের সময় বাঙ্কারের ভেতর আরো ৩ ব্যক্তিকে পাওয়া গেছে। যারা এখানে রোপিত গাঁজা গাছের নিয়মিত পরিচর্যা করত।
দুই তলা বিশিষ্ট এই বাঙ্কারের কক্ষগুলো ২০০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের। এখানকার ২০টি কক্ষে কয়েক হাজার গাঁজা গাছ পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা পল ফ্রাঙ্কলিন বলেছেন, ‘দেশটিতে এ পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে বড় গাঁজার খেত এটাই। বাঙ্কারের প্রায় সব কক্ষেই গাঁজার চাষ করা হয়েছে।’ সিএনএন।
ইত্তেফাক/সেতু
