মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন জোটের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার সিরিয়ার উত্তরাঞ্চলে গোপনে সফর করেছেন জোটের মুখপাত্র তালাল সেল্লো বলেন, মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)’র প্রধান জেনারেল জোসেফ ভোটেল সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন নতুন প্রশাসনের আমলে এ অঞ্চলে মার্কিন কোন পদস্থ সামরিক কর্মকর্তার এটাই প্রথম সফর।
তিনি বলেন, ভোটেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এসডিএফ’কে সহযোগিতা ও সহায়তা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আগামীতে ভারী অস্ত্রশস্ত্র সরবরাহের অঙ্গীকার করেন ভোটেল। অনলাইনে পাঠানো বিবৃতিতে সেল্লো বলেন, ভোটেল বেশ কয়েকজন এসডিএফ কমান্ডারের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। ইউফ্রেটিস রেইজ ক্যাম্পেইন ও যৌথ সামরিক সংশ্লিষ্ট বিষয়ের অগ্রগতি নিয়ে আমাদের আলোচনা হয়।’ এসডিএফ’র একটি সূত্র জানায়, ভোটেল সেখানে চার ঘণ্টা ছিলেন।
এসডিএফ’র উর্ধ্বতন এ সূত্র জানায়, তুরস্ক বা দেশটির সমর্থকদের হামলার হাত থেকে অতীতে মানবিজকে রক্ষার যেমন অঙ্গীকার করা হয়েছিল এখনও সে অঙ্গীকার বজায় রাখার কথা বলেন ভোটেল। আলেপ্পো প্রদেশের একটি নগরী হল মানবিজ। তবে ভোটেলের সফরের ব্যাপারে পেন্টাগন তাৎক্ষনিক কোন মন্তব্য করেনি। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
